আলো ডেস্কঃ চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় বাবা হাসান আলীকে (৬৫) হত্যার পর কেটে দশ টুকরো ছেলে শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিককে চট্টগ্রাম আনার পর আজ শনিবার (৭ অক্টোবর) সকালে পতেঙ্গা সাগরপাড়ে যায় পিবিআইয়ের টিম। সেখানে নিহত হাসানের কাটা মাথা উদ্ধারে তল্লাশি চালান পিবিআই চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা। এরপর বেলা পৌনে ১১ টার দিকে তাকে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২ অক্টোবর জাহাঙ্গীরের স্ত্রী, নিহতের পুত্রবধূ আনারকলিকে নিয়ে তল্লাশি চালানো হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তার শফিকের বাসায় বাবাকে হত্যা ও টুকরো টুকরো করা হয়েছিল। এরপর শফিক ও তার স্ত্রী আনারকলি মিলে বাবার কাটা মাথা সাগরপাড়ে ফেলে দিয়েছিল। সেটি উদ্ধারে আমরা শফিকের স্ত্রী আনারকলিকে নিয়ে সেখানে যাই।
কিন্তু দুদিন তল্লাশির পর কাটা মাথাটি আমরা পাইনি। এরপর শুক্রবার রাতে শফিককে গ্রেপ্তারের পর পুনরায় শনিবার সকালে মাথার সন্ধানে যাই। কিন্তু খোঁজ পাওয়া যায়নি।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেইটে একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল মানব শরীরের দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এর দুই দিনের মাথায় ২৩ সেপ্টেম্বর সকালে নগরের আকমল আলী সড়কের খালপাড়ে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপে মোড়ানো শরীরের আরেকটি খণ্ড উদ্ধার করে পিবিআই। এছাড়া আঙ্গুলের ছাপ ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করা হয়। গ্রেপ্তার করা হয় স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০) ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে (৩২)। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর আদালতে দেওয়া জবানবন্দিতে বাবাকে খুনের লৌমহর্ষক বর্ণনা দিয়ে মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ২৮ বছর নিখোঁজ থাকার পর দুইবছর আগে পরিবারের কাছে ফিরে আসেন হাসান। ফিরেই তিনি ভিটেমাটি বিক্রি করে দেয়ার চেষ্টা করতে থাকেন। এ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার বিরোধ বাঁধে। ২০ সেপ্টেম্বর সকালে হাসান ও তার স্ত্রী, বড় ছেলে মোস্তাফিজুর নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলায় ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীরের বাসায় ছিলেন। সেখানে বাবা ও দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে ঝগড়া শুরু হয়। এর মধ্যেই বড় ছেলে তার গলা টিপে ধরলে মারা যান হাসান। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে দুই ভাই মিলে লাশ গুমের উদ্দেশে সেটি কেটে কয়েক টুকরো করে সেগুলো বিভিন্নস্থানে ফেলে দেন।
