আলো ডেস্কঃ অস্ত্র ও চাপাতিসহ মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ চাপাতি ফাহিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করেন ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেপ্তার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপান। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই।
ওসি বলেন, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট এন্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়।
শুক্রবার সকালে আবারও ওই দোকানে যান ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করেন। তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এস আই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
