আলো ডেস্কঃ আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৯৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট চার লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি তদারকি সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সারা দেশে ৩৯টি টিম কর্তৃক ৫২টি বাজারে ৯৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
