আলো ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমরা কী এমন করেছি, আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না! অনেককে বলতে দেখেছি- আমরা নাকি লোক দেখানো কাজ করছি।
বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ইসি রাশেদা বলেন, আমাদের কাজ হচ্ছে, জাল ভোটার থাকবে না, অবাধ ও উৎসবমুখর ভোট করা। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন।
ইসি রাশেদা বলেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তারপরও সবাইকে নিয়ে বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। সিইসি চিঠি দিয়েছে তারপরও আসেনি। যারা বলছে সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই এটা অমূলক।
তিনি আরও বলেন, আমরা নাকি লোক দেখানো কাজ করছি, এরও ভিত্তি নেই। দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। সেই অনুযায়ী আমরা কাজ করছি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এজন্য আমরা সংলাপ করেছি। যারা আসছে না, তাদেরও আমরা একাধিকবার ডেকেছি। সিইসি ব্যক্তিগতভাবেও চিঠি দিয়েছিলেন। তারা কিন্তু আসেনি। এখন আস্থা নেই। আস্থায় আনারও একটা বিষয় আছে। যারা এ রকম বলছেন ইসির মোটেই সদিচ্ছা নেই যে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ধারণা অমূলক।
কর্মশালায় সিইসি, অন্য নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশন জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
