স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তানকে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হয়। ক্রিকেটের মাঠেও দুই দলের লড়াই নিয়ে থাকে বাড়তি উত্তেজনা। তবে রাজনৈতিক কারণে আইসিসির ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়না তারা।
২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এর পর থেকে রাজনৈতিক কারণে দুই দেশের সফর বন্ধ। ১০ বছর ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না তারা।
এবার ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুই দেশের দুই রাষ্ট্রনেতা মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে এই সিরিজ করার প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি থাকলে পাকিস্তান এই সিরিজ খেলতে চায়।
প্রস্তাবে বলা হয়েছে, গান্ধী-জিন্নাহ ট্রফিতে বছরে একবার ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে নিজেদের মাটিতে খেলবে। পাকিস্তানি সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, ‘অ্যাশেজের মতো বিসিসিআইকে জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজনের প্রস্তাব রাখছি। এই সিরিজের জন্য ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কোনো প্রতিযোগিতা নেই। ’
শেষবার দুই দল দুই দশ এ গিয়েছিল বহু আগে। ২০০৬ সালে পাকিস্তানের মাটিতে খেলে এসেছিলো। আর ২০১২ সালে ভারতে মাঠে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিলো পাকিস্তান। এরপর দুই দেশ একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে শুধু বহুজাতিক আসরেই। এর মাঝে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দল।
