স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে ভারতে৷ বিশ্বমঞ্চে আইসিসির আয়োজন মিডিয়া ডে। শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের মিডিয়া ডে আমোদে কাটিয়েছে টিম টাইগার্স।
মঙ্গলবার (৩ অক্টোবর) ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দল নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে তাদের হালকা রসিকতার ছাপ। মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থাপনা করছেন স্পিনার নাসুম আহমেদ। অধিনায়ক সাকিবসহ একে একে মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের পরিচয় করিয়ে দেন নাসুম।
মিডিয়া ডেতে বিহাইন দ্যা সিনে বাংলাদেশি ক্রিকেটাররা কি করছেন দেখান টাইগার স্পিনার নাসুম। এসময় মিরাজের কাছে ভারতে খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।’ মিরাজের সঙ্গে কথা বলার সময়ই পাশে আসে নাজমুল হোসেন শান্ত। এসময় ‘সে আমাদের সহ-অধিনায়ক’ বলে শান্তকে মাইক্রোফেনের সামনে আনতে চেয়েও পারেননি মিরাজ।
এরপর মুস্তাফিজ-শরিফুলদের দেখিয়ে নাসুম চলে যান মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। তখন মাহমুদউল্লাহ রিয়াদ চায়ের তৃপ্তি নিচ্ছিলেন। ভারতে খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের কাছে সেকেন্ড হোমের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পেরে ভালো লাগছে।’ এসময় রিয়াদ জানান, নাসুম তাকে চা বানিয়ে খাওয়ান। নাসুমের চা ‘যে কারো চেয়ে ভালো’ বলে স্বীকৃতিও দেন রিয়াদ।
ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে গেলে, নাসুমকে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, নো কমেন্টস।’
