আলো ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, সদস্য ফারুক আহমদ কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক খোরশেদ আলম সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নেজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফেরদৌস আহমদ কোম্পানী সহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কাজী সহিদুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবু তাহের চৌধুরী জানান, লোহাগাড়া থানায় ছাত্রলীগ নেতার দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপি নেতৃবৃন্দকে উচ্চ আদালত ছয় সপ্তাহের অস্থায়ী জামিন দিয়েছেন। আজ সোমবার অস্থায়ী জামিনের শেষ কার্যদিবসে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের প্রার্থনা করিলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, চলতি সনের গত ২২ জুলাই কলাউজান ইউনিয়ন যুবলীগের সম্মেলন শেষে ফেরার পথে বেআইনি জনতাবদ্ধ হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ককটেল বিস্ফোরণের ঘটনায় লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরীসহ ১৮ জনের নাম-ঠিকানা উল্লেখ পূর্বক ১৫০ থেকে ১৭০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। লোহাগাড়া থানার মামলা নম্বর ৩৪, তারিখ : ২২/০৭/২০২৩ ইং। উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন। সোমবার ছিল উচ্চ আদালত কর্তৃক দেয়া জামিনের শেষ কার্যদিবস।
