আলো ডেস্কঃ রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় হেরোইন পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ১২দিকে নগরীর কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার সোমবার (২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- নগরীর কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে আবুল হায়াত (২২) ও ট্রাকচালক পবার হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে সাকিব (২৪)।
র্যাবের ওই কর্মকর্তা জানান, রোববার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা লেভেলক্রসিং মোড়ে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী অভিমুখে আসা ট্রাকের গতিরোধ করা হয়।
ওই সময় ট্রাক থেকে লাফ দিয়ে দুইজন পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের আটক করে। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২ লাখ টাকা। পরে ট্রাকটিও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষ আজ দুপুরে আটকদের নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
