আলো ডেস্কঃ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
একইসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদা প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (২ অক্টোবর) সকালে বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে প্রতিটি পর্যায়ের বিজিবি অফিসার ও সৈনিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গতকাল (রবিবার) ও আজ (সোমবার) সিলেট সেক্টর সদর দপ্তর এবং আওতাধীন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন ১০ নম্বর পোস্ট ও পাথরকোয়ারি বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন দুর্গম ডুলুরা বিওপি, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন আমলশিদ বিওপি ও রহিমপুর খাল পরিদর্শন করেন তিনি।
মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, সিলেট সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
