বিনোদন ডেস্কঃ কিছুদিন পরই ভারতের মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন। নানা আলোচনা ও সমালোচনা শেষে এরই মধ্যে পুরো দল দেশটিতে পৌঁছে গেছে। এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে ঢাকার ইনডোর স্টেডিয়ামে দেশের শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগ জন্ম দিয়েছে অপ্রীতিকর ঘটনার। খেলার মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকির মতো ঘটনাও। এতে চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রাজ রীপাসহ ৬ খেলোয়াড় আহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মারামারির পর অভিযুক্তের তালিকায় উঠে আসে অভিনেতা শরিফুল রাজের নাম। মারামারিতে আহত অভিনেত্রী রাজ রিপা সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমের সামনে অভিযোগ তোলেন রাজ তার গায়ে আঘাত করেন এবং তার ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেন।
এছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছিলেন মৌসুমী হামিদের আহত হওয়ার কথা। বিষয়টি নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন মৌসুমী হামিদ। রাজকে নিয়ে নতুন তথ্য দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, তিনি আহত হননি।
নিজের ফেসবুক পোস্টে মৌসুমী লিখেছেন, ‘আমি আহত হইনি। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না । রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে । বোতলটা ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটা তিনি মারেননি।ও বরং যারা উত্তেজিত ছিল তাদের কে ঠেকানোর চেষ্টাও করছিল।শুধু শুধু কেন বারবার ছড়ানো হচ্ছে এটা আমি জানি না।’
তিনি আরও লেখেন, ‘কাল (৩০ সেপ্টেম্বর) থেকে এখন পর্যন্ত অসখ্য মানুষ আমাকে কল দিয়েছেন যারা আমাকে ভালবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রতিটি মানুষই আলাদা মানুষ।’
একই সাথে বিষয়টিকে ইঙ্গিত করে মৌসুমী লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা।’
