স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের সবচেয়ে বড় মেগা আসর ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এ আসরে খেলতে ভারতে আছে বাংলাদেশ দল। বিশ্বমঞ্চের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচ সেরে নিচ্ছে টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে পায়ের চোটে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। এবার চোট পেলেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ।
রবিবার (১ অক্টোবর) গুয়াহাটিতে অনুশীলনে হাতে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের নামার আগে অনুশীলন করার সময় চোটের ঘটনা ঘটে। মূলত আজ আলাদা করে চারজন ব্যাটিং অনুশীলন করেছেন। তাদের একজন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে সেখানে ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যথা সহ্য করতে না পেরে লুটিয়ে পড়েন মাটিতে।
পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহর এই চোট গুরুত্বর নয়। সব ঠিক থাকলে আগামীকালের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে।
এদিকে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।
