স্পোর্টস ডেস্কঃ শেষ হইয়াও হইলো না শেষ- বাংলাদেশ ক্রিকেট দলের নাটকীয়তা ও হিসাবনিকাশগুলো যেন এরকমই। অবসর, ফিরে আসা, ইনজুরি কিংবা পুনর্বাসন প্রক্রিয়া- সব কিছুর পরও যে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অবধারিত ভাবা হচ্ছিল, বোর্ড সভাপতিও একাধিকবার সে উচ্চারণই করেছেন। অথচ শেষমেশ তাকে ছাড়াই ঘোষণা করা হচ্ছে বিশ্বকাপ দল।
একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।
এর আগে তামিম নির্বাচকদের বলেছিলেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম। বিষয়টি জানার পর থেকে আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।
এরপর বিষয়টি নিয়ে গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরু। সেখানকার আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি, তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা যায়। এরপর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আলোচনা করেন পাপন।
জানা গেছে, কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ও জার্সি উন্মোচন করা হবে।
সূত্র- বাংলাদেশ জার্নাল
