স্পোর্টস ডেস্কঃ ভারতের মাটিতে বিশ্বকাপের আসরের বাকি মাত্র কয়েকদিন। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেঁধেছে নতুন সমস্যা। তামিম-সাকিব ইস্যুতে সয়লাব বাংলাদেশের ক্রিকেট পাড়া। বিশ্বকাপে শর্ত সাপেক্ষে খেলতে চান তামিম ইকবাল। আর তাতেই নাকি নারাজ সাকিব আল হাসান। আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন সাকিব আল হাসান। আর দলের মধ্যে এমন অসন্তোষ থাকলে অধিনায়কত্ব করতে চান না সাকিব।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ছুটি কাটিয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনায় বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তারা বলেছে, বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চান না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সাকিব বিশ্বকাপে যেতে চায় না।
জানা গেছে, বিশ্বকাপে অধিনায়কত্ব করতে চান না এই অলরাউন্ডার। এশিয়া কাপের সময়ই নেতৃত্ব দিতে না চাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন সাকিব।
সেখানে অবশ্য তামিম ইকবাল কোনো ইস্যু নন বলেই বিভিন্ন সূত্রের দাবি। বিশ্বকাপে ভালো করতে পারবে না দল, এমন ভাবনা থেকেই সরে দাঁড়ানোর চিন্তা সাকিবের। সঙ্গে কিছু ব্যক্তিগত বিষয়ও রয়েছে। তবে বিশ্বকাপের ঠিক আগে সাকিবকে নেতৃত্ব রাখতে চাচ্ছে বিসিবি।
এ নিয়েই সোমবার দিবাগত রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করা অলরাউন্ডারকে বোঝানোর চেষ্টা করেছেন তারা। মঙ্গলবারও একই চেষ্টা চলবে বলে জানা গেছে।
শেষ অবধি সাকিব অধিনায়কত্ব না করলে কে দেবেন নেতৃত্ব? এ আলোচনায় সবার আগে আসার কথা লিটন দাসের। তিনি দলের সহ-অধিনায়কও। তবে অফ ফর্মে থাকা এই ব্যাটার এখন নেতৃত্ব নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এগিয়ে আছেন তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।
তামিম এখনো যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। এই ওপেনারের এমন সিদ্ধান্তে বিরক্ত সাকিব। তার নেতৃত্ব ছাড়তে চাওয়ার বড় কারণও এটি।
