আলো ডেস্কঃ দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে জামিন দেননি চেম্বার আদালত। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।
এ ছাড়া দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৬ মার্চ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমান দম্পতি ৯ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। এর মধ্যে আমান জ্ঞাত আয়ের বাইরে তিন কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৯ টাকা এবং সাবেরা আমান ছয় কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পত্তি অর্জন করেন।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন।
আর তার স্ত্রী সাবেরা আমানকে দেওয়া হয় তিন বছরের কারাদণ্ড। ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।
২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সে আপিল গ্রহণ করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে আমান দম্পতির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে পুনঃশুনানির পর গত ৩০ মে রায় দেন হাইকোর্ট। রায়ে আপিল খারিজ করে আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা বহাল রাখা হয়। এ রায়ের অনুলিপি বিচারিক আদালত গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ ও সাবেরাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। নির্দেশনা অনুসারে গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ জজ-১ আদালত সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরদিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। গত ৫ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত তাকে জামিন দেন। সে ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমানউল্লাহ আমান। সেদিন বিচারক আবুল কাসেম তার জামিন আবেদন নামঞ্জুর করে আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
