আলো ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি তোলার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনবিচ্ছিন্ন এই সরকার একটা সেলফি তুলেই আনন্দে ডিগবাজি দিচ্ছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আসলে ওবায়দুল কাদেররা এতটাই জনবিচ্ছিন্ন এই ধরনের কোন ছবি তুলতেই পারলেই তাদের প্রধানমন্ত্রী তারা আনন্দে ডিগবাজি দেন। আসলে যাদের কোন গণভিত্তি থাকে না তারা একটি সেলফি তুললেই সন্তুষ্ট হন। আপনি জনগণের সমর্থন হারিয়েছেন। সুষ্ঠু ভোট আপনার সবচেয়ে বড় শত্রু। অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচনকে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বড় শত্রু জ্ঞান মনে করেন। সেই জন্য একটা সেলফিতেই আনন্দের সীমা নেই।
তিনি বলেন, এইভাবে দেশটা চলছে এখান থেকে পরিত্রাণ পেতে হবে। এই পরিত্রাণের জন্য এবার একেবারে জীবন মরণ শপথ নিয়ে নামতে হবে। তাছাড়া কেউ বাঁচতে পারবে না।
জাতীয়তাবাদী তাঁতি দলের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিল।
