ক্রীড়া ডেস্ক: আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমে মিরাজ করেছেন সেঞ্চুরি। এবার শান্তও ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার।
মাত্র দুইদিন আগেই ব্যাট হাতে অসহায় এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে পরের ম্যাচেই পালটে গেল চিত্র। আফগানদের শক্তিশালী বোলিং লাইনের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করছে টাইগাররা। ব্যাটিংয়ে বাংলাদেশের রাতারাতি বদলে যাওয়ার অন্যতম কারিগর মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে আগের ম্যাচে সাজঘরে ফিরেছিলেন ৮৯ রান করে। দলের হয়ে ৫০ শতাংশেরও বেশি রান একাই করেছিলেন। কিন্তু তারপরও আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছিলেন শান্ত। তবে আজ আর হতাশ হতে হয়নি। ১০১ বল খেলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। পঞ্চমবারের মতো একই ইনিংসে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুজন ব্যাটার, সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। এবার শান্ত ও মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮৩ রান। শান্ত ১০২ আর সাকিব আল হাসান ২ রানে অপরাজিত আছেন।
এমনিতে ব্যাটিং পান সাধারণত ৭, ৮ বা ৯ নম্বর পজিশনে। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিতি মেহেদি হাসান মিরাজের। তবে দলের প্রয়োজনে এর আগে ওয়ানডেতে ওপেন করেছেন। লিটন দাসকে নিয়ে গড়েছিলেন শতরানের জুটি।
আরও একবার মিরাজ ওপেনিংয়ে সুযোগ পেলেন, আবারও করলেন বাজিমাত। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন একদম নিচের দিকে, ৮ নম্বরে নেমে। দ্বিতীয় সেঞ্চুরিটা এলো ওপেনিংয়ের মতো কঠিন পজিশনে। মিরাজ তার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার আর জায়গাই রাখলেন না।
আফগানিস্তানের বিপক্ষে আজ (রোববার) ১১৫ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মিরাজ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
বাঁচামরার ম্যাচ। আজ হারলেই এশিয়া কাপ শেষ হয়ে যাবে বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে সাকিব আল হাসানের। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ওপেনিংয়ে চমক। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ৪৭ বলে জুটিতে ফিফটি পূরণ করেন এই দুজন। ১০ ওভারে হয় ৬০ রানের জুটি। নাইম শেখকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন মুজিব উর রহমান। নাইম ৩২ বলে ৫ বাউন্ডারিতে করেন ২৮ রান।
পরের ওভারে আরও একটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বদলে তিন নম্বরে নামেন তাওহিদ হৃদয়। সুবিধা করতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (০)। তার উইকেটটি নেন গুলবাদিন নাইব।
