বিনোদন: বলিউডের বর্ষীয়ান সুপারস্টার সানি দেওল সম্প্রতি নতুন করে প্রত্যাবর্তন করলেন বলিউডের ময়দানে। ফিরেই রাজকীয় সাফল্যে ভাসছেন অভিনেতা। বক্স অফিস দুমড়েমুচড়ে দিয়েছেন তিনি ‘গাদার ২’ দিয়ে। তার অভিনয়জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘গাদার ২’ একের পর এক রেকর্ড করে গেছে বক্স অফিসে।
এ যাবৎকালের হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের তালিকায় এখন দ্বিতীয় স্থানে গাদার ২। প্রথম স্থানে শাহরুখ খানের পাঠান। ভক্তদের প্রত্যাশা রয়েছে পাঠানের রেকর্ড ভেঙে শীর্ষস্থানে পৌঁছে যাবে ‘গাদার ২’। ‘গাদার ২’-এর ব্যাপক সাফল্যের পর সিনেমাটির সাকসেস পার্টির আয়োজন করেছেন সানি দেওল।
শনিবার সানির সাকসেস পার্টি বলিউডের তারকাদের ভিড়ে মুখরিত হয়েছে। শাহরুখ খান, সালমান খান, আমির খানসহ অজয় দেবগন, অনুপম খের থেকে হালের সেনসেশন কার্তিক আরিয়ান হাজির ছিলেন পার্টিতে। শাহরুখ খান তার স্ত্রী গৌরী খানকে নিয়ে পার্টিতে হাজির হন।
দীর্ঘদিন পর একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন সানি-শাহরুখ। অতীতের তিক্ততা ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নেন। এদিকে বলিউডের মেগাস্টার সালমান খানকে নতুন লুকে দেখা গেছে পার্টিতে। সম্প্রতি চুল ছেঁটে ফেলেছেন সালমান। সেই লুকেই হাজির হলেন সানির পার্টিতে। সালমান খান প্রবেশ করছিলেন যখন, তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান ছবির জন্য পাপারাৎসিদের পোজ দিচ্ছিলেন ওই সময়। এরপর সালমান-কার্তিক দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন।
অন্যদিকে আমির খানকে পার্টিতে দেখা গেছে একটি কালো টি-শার্ট এবং বাঁকানো গোঁফে। চোখে চশমা ছিল অভিনেতার। গাদার ২-এর সাফল্য উদযাপন করতে তিনিও যোগ দেন সবার সঙ্গে। বলিউড তারকা অজয় দেবগন তার স্ত্রী কাজলের সঙ্গে পার্টিতে প্রবেশ করেন।
এ ছাড়া একে একে পার্টিতে আসেন অভিষেক বচ্চন, অনুপম খের, শিল্পা শেঠি, সুনীল শেঠি, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, জনি লিভার, অনিল কাপুরসহ বলিউডের অনেক জনপ্রিয় তারকা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টা চলচ্চিত্র ‘গাদার’-এর সিক্যুয়েল ‘গাদার ২’।
মুক্তির পর থেকেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে সিনেমাটি। সদ্য ৫০০ কোটির ক্লাবেও প্রবেশ করেছে ‘গাদার ২’। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহে পাঠানের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন সানি। যদিও ৭ সেপ্টেম্বর আসছে শাহরুখের জওয়ান। তখন প্রেক্ষাগৃহে সানির লড়াই ভয়াবহ কঠিন হয়ে যাবে সেটা বলাই বাহুল্য। তবুও নতুন এক প্রাপ্তির স্বপ্ন দেখছেন সানির ভক্তরা।
সূত্র : পিঙ্কভিলা
