আলো ডেস্কঃ পাবনা শহরের রূপকথার রোডে বিবাদমান একটি জমি নিয়ে বিরোধের জের ধরে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ি নেতা ও পাবনা চেম্বারের পরিচালক, একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু তার এক নালা বন্দুক দিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর গুলি চালান। পুলিশ অভিযুক্ত ব্যবসায়ি বাচ্চুকে আটক করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাবনার পৌর সদরের রুপকথা রোডে অবস্থিত খাবার হোটেলের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা হাজী শরিফ এবং স্বাগতম চাইনিজ হোটেলের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু এ জমির মালিকানা দাবি করে আসছিলেন। এক যুগেরও বেশি সময় ধরে মধুমিতা হোটেলের ওই জায়গাটি হাজী শরিফের দখলে ছিল। গত বছরের ২২ অক্টোবর হাজী শরিফ মারা যাওয়ার পর থেকে জায়গাটি দখলে নেয়ার চেষ্টা শুরু করেন সাজ্জাদ হোসেন বাচ্চু। কিছুদিন আগে ওই দোকানটি ক্ষতিগ্রস্থ হলে হাজী শরিফের পরিবার সেটি সংস্কারের উদ্যোগ নেয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাজী শরিফের স্বজনরা সেখানে কাজ শুরু করতে যান। এসময় নিজের দোনালা বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে শুরু করেন সাজ্জাদ হোসেন বাচ্চু। এ সময় হাজী শরীফের স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা সাজ্জাদ হোসেন বাচ্চুকে ধাওয়া দেন। এতে ব্যবসায়ি নেতা বাচ্চু পাশেই তার মালিকানাধীন স্বাগতম রেস্টুরেন্টে ঢুকে আত্নরক্ষা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাচ্চুকে আটক করে।
প্রয়াত হাজী শরিফের ভাই রবিউল ইসলাম বলেন, মধুমিতা হোটেলের জায়গাটি তার ভাইয়ের। তাদের বৈধ কাগজপত্রসহ দখল স্বত্ব রয়েছে। সম্প্রতি দোকান সংস্কারের কাজ শুরু করলে সাজ্জাদ হোসেন বাচ্চু কাজ বন্ধ করে জায়গাটি দখলের চেষ্টা করেন। তারা তাকে বারবার দলিলপত্র নিয়ে বসার কথা বললেও সাজ্জাদ হোসেন বাচ্চু তাতে রাজি না হয়ে সময়ক্ষেপণ করেন। শুক্রবার বিকেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েই প্রতিষ্ঠানটির সংস্কার কাজ শুরু করেন। এরপর সাজ্জাদ হোসেন বাচ্চু ক্ষুদ্ধ হয়ে প্রথমে রাজমিস্ত্রীদের ও পরে আমাদের দিকে গুলি ছুড়তে শুরু করেন।
রূপকথা সিনেমা হলের কর্মচারী আশরাফুল ইসলাম আশিক জানান, বিকেলে তিনি সিনেমা হলে কাজ করছিলেন। হঠাৎ চেঁচামেচির শব্দে জানালা দিয়ে উঁকি দিতেই হট্টগোল হতে দেখতে পান। সিনেমা হলের দেয়ালেও গুলি লেগেছে বলে তিনি জানান।
মধুমিতা হোটেলের পরিচালক রঞ্জন সরকার বলেন, আমি এক যুগ ধরে বছর হাজী শরিফের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছি। কিন্তু বাচ্চু সাহেব তা দখলে নিতে চেষ্টা করছেন। আজ গুলি করেছেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
রুপকথা সিনেমা হলের কর্মকর্তা ফয়সাল মোর্শেদ টিটু বলেন, তাদের প্রতিষ্ঠানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। ব্যবসায়ি নেতা সাজ্জাদ হোসেন বাচ্চুকে জজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
