আলো ডেস্ক: রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বাঘা উপজেলার বলিহার বেতীপাড়ার নুর মোহাম্মদের ছেলে। গতকাল শুক্রবার র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার বলিহার বেতীপাড়ায় এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে আটক করা হয়।
পরে তার বাড়ি তল্লাশি করে শয়নকক্ষে খাটের নিচ থেকে এক লাখ ৩১ হাজার ১০ টাকা মূল্যের নকর রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহিদুল দীর্ঘদিন ধরে গোপনে নকল রাজস্ব স্ট্যাম্প বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে।
