আলো ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অমরজিৎ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে।
তার বাবা-মা মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করেন। অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক বলেন, বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
এদিকে ফরিদপুরের সালথায় ডোবার পানিতে ডুবে মো. জাকারিয়া খান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, একা খেলার সময় জাকারিয়া বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়িতে কাজ করছিলেন।
দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
