আলো ডেস্কঃ পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
অন্য আসামিরা হলেন- বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।
২০১৫ সালে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রোলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
