আলো ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈররে আন্তনগর এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলস্টেশন মাস্টার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে সেটির ইঞ্জিন দিয়ে এগারোসিন্ধুর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করবে।’
রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়।
এরপর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ শুরু করে। তবে ইতোমধ্যে ইঞ্জিনের চাকা উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
