আলো ডেস্কঃ তিন বিষয়ে ফেল করলেও পরের বর্ষে পরীক্ষার সুযোগের দাবিতে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত মোড়কে ঘিরে তাকা সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
এ সময় শিক্ষার্থীদের ‘নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই’ ‘ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও’, ‘সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে’ সহ প্রমোশনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ নীতিমালার শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে অবরোধ, প্রেসক্লাবে অনশনসহ বিভিন্নভাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সাত কলেজের স্নাতকের (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।
