সেই ভিডিওতে তার ব্যাপারে কোনো কিছু না বলে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান তিনি। তাদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।
পপি ভিডিওতে বলেছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।
পপি জানান, শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। তাদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন। কিন্তু তারা গুটিকয় তাতে সায় দেননি। যার কারণে তিনি ভিকটিম। তার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন।
পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবর গোপনই রাখেন ছবির পরিচালক ও প্রযোজক। মাঝেমধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ–আলোচনা চলতে থাকে। শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এ রকমই ছিল। এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি। এর পর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি।
