আলো ডেস্কঃ ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মায় ধাক্কা দিয়ে ফেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন। এদিন মামলাটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।
তাই বিচারক প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন। এ মামলার ১৫ আসামি হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু। গত বছর ১৫ জুলাই স্থানীয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বুয়েট শিক্ষার্থী সানি।
এ সময় তিনি পদ্মা নদীতে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা ট্রিপল নাইন নম্বরে ফোন করে সানির নিখোঁজ হওয়ার সংবাদ ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার ১১টা ২৬ মিনিটে পদ্মা নদী থেকে সানির লাশ উদ্ধার করে। এটা দুর্ঘটনা নয়, বন্ধুরা পরিকল্পিতভাবে পদ্মায় সানিকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছেন, এমন অভিযোগে তার বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে শুক্রবার দোহার থানায় একটি মামলা করেন।
মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ জনকে আসামি করা হয়। পরে পুলিশ ১৫ আসামিকে গ্রেপ্তার করে। বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন সানি। গ্রামের বাড়ি শরীয়তপুর হলেও তিনি রাজধানীর হাজারীবাগে থাকতেন।
