আলো ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনারা দেখছেন, এই যে বিদেশিরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়। তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় এসেছিল, তাদের যখন বিচার হলো না, তখন মানবাধিকার ক্ষুণ্ণ হয়নি। ১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে নির্বংশ করা হলো নৃশংসভাবে, তখন মানবাধিকার ক্ষুণœ হয়নি। তারা বিচার চাইতে পারেনি হত্যাকাণ্ডের। তখন মানবাধিকার ক্ষুণ্ণ হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের নিহত সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তাকে তা করতে দেওয়া হয়নি, বাড়িতেই ঢুকতে দেওয়া হয়নি, যোগ করেন মন্ত্রী।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। রকিবুল হুদা ছিল তাদের একজন।
অতএব সে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুকন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে। দীপু মনি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পূর্ণিমা, লতিফাকে ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়র মো. জিল্লুর রহমান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এর আগে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এদিকে মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাঁচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেএম সেনগুপ্ত রোড জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী।
