আলো ডেস্ক: ময়মনসিংহে অবৈধভাবে ভারত থেকে আনা ১৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ। এ সময় ট্রাকচালক নূর হোসেনকে (২২) আটক করা হয়। গতকাল সোমবার সকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ সড়কের টেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকভর্তি চিনিসহ তাকে আটক করা হয়।
গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এদিন দুপুরে চোরা চালান আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
থানার এসআই মো. কামাল হোসেন জানান, ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা-দূর্গাপুরের নাজিরপুর সীমান্ত এলাকা দিয়ে একটি চোরা চালান সিন্ডিকেট পণ্য দেশে এনে বাজারজাতকরণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি চিনিসহ তাকে আটক করা হয়েছে।
