আলো ডেস্ক: থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, বিয়ে রেজিস্ট্রি খাতায় এ বিষয়ে কেন একটি কলাম যুক্ত করা হবে না তাও জানতে চেয়েছেন রুলে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ নিজে।
একই সঙ্গে সরকারকে জনসচেতনতা তৈরিতে থ্যালসেমিয়া বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস ও গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ দিনের মধ্যে থ্যালাসেমিয়া বিশেষজ্ঞদের নিয়ে রোগটি নিয়ন্ত্রণে ৭ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
কমিটিকে ৬ মাসের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দিতে হবে। থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা ও দেশের প্রায় ১০ শতাংশ মানুষের মধ্যে এই রোগের সুপ্ত জিন থাকায় শঙ্কা প্রকাশ করেন আদালত। পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ নির্দেশ দেওয়া হলো।
