আলো ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। মাসুম সরকার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। গত রোববার উপজেলার কামাল্লা মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহতের ভাই মাহমুদুল আলম মামুন বলেন, মাসুম সরকারসহ আমরা তিন ভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম।
বিদেশে থাকার সময় থেকে আমাদের পরিবারের সঙ্গে প্রতিবেশী ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামিদ হোসেন ও টিটুর মধ্যে বিরোধ চলছে। তারা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা করত।
তাছাড়া জহির এলাকায় ড্রেজার ব্যবসা করে। দেশে এসে আমার ভাই মাসুমও ড্রেজার ব্যবসা শুরু করে। এতে জহিরের ব্যবসায় ভাঁটা পড়ে। এজন্য তারা বিভিন্ন সময়ে মাসুমের ড্রেজারের পাইপ বিনষ্ট করত। গত শনিবার আবার মাসুমের ড্রেজারের পাইপ ভেঙে ফেললে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। গত রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম ফুটবল খেলা দেখতে গেলে জহিররা তাকে ছুরিকাঘাত করে। এ অবস্থায় স্থানীয়রা মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেছেন নিহতের ছোট ভাই মামুন।
রাতে এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাসেল ও ৩ নম্বর আসামি জামিদকে গ্রেপ্তার করা হয়। ২ ও ৪ নম্বর আসামি ফয়সাল ও জহিরুল পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
