আলো ডেস্ক: রাজধানীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান (৬২)। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তার বড় ভাই নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও তার ছোট ভাই মাহমুদুর রহমান বিএনপির রাজনীতি করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর। সকালে নারায়ণগঞ্জ থেকে কর্মী সমর্থক নিয়ে তিনি ঢাকায় আসেন। এরপর মিছিল নিয়ে পল্টন যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তার সঙ্গে থাকা দলের নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বড় ভাই মাসুদ রানাসহ পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহমুদুরের লাশ দেখতে পান। তিনি জানান, আগে থেকেই মাহমুদুর রহমানের হার্টের সমস্যা ছিল।
৩ ছেলের জনক তিনি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করেন তিনি। থাকতেন নারায়ণগঞ্জের খানপুর রোডে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
