আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সৈইবুর রহমান। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সৈইবুর রহমানকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
পরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনজীবী এনামুল হক আরও বলেন, একজন শিক্ষার্থীর অভিযোগের পর গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করে আদালতে। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।
