স্টাফ রিপোর্টার
রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশিত ৪ দফা দাবি বাস্তবায়নে বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপি শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এ বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী কমিটির আহবায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। প্রধান বক্তা ছিলেন, কেনিপ সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা।
আইডিইবি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র স্টাাডি এন্ড রিসার্চ সেলের কো-চেয়ারম্যান প্রকৌশলী তাজুল ইসলাম, আইডিইবি কেনকি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, রাজশাহী সংগ্রাম পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আলহাজ্ব খায়রুল ইসলাম, আইডিইবি’র রাজশাহীর সভাপতি মো. আমিনুল হক, সহসভাপতি প্রকৌশলী কবির উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, কেনিক আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুন নুমান, সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক সৈয়দ মুন্তাসীর হাফিজ, কেনিক ইইডি ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাফর আলী সিকদার, কেনিক সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌশলী রফিকুজ্জামান।
চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তর শিক্ষামন্ত্রনালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ, সহ বিএনবিসি ২০২০ এর কতিপয় ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানের আহবান জানিয়ে আইডিইবি নেতারা বলেন, সরকার যখন মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তে দেশের মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্ত শিক্ষা মন্ত্রনালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানি,স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয় মনোযোগ দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতি উদ্যোগ থেকে সরে না আসলে আগামীদিনে দেশব্যাপী কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে র্যালি ও বিভাগীয় কমিশনারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এই সময় আইডিইবি কেনিক ও রাজশাহীর সদস্য প্রকৌশলীবৃন্দ এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
