আলো ডেস্কঃ ‘বিএনপি সীমান্তে অস্ত্র জড়ো করছে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে বিরোধীদলের ওপর অস্ত্র ব্যবহারের চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আইনজীবী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীরা অংশ নেন। আইনজীবী সমাবেশে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সীমান্তে অস্ত্র জড়ো করছে। তিনি কোন সময়ে এটা বলছেন, যখন দেশের জনগণ এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এক হয়ে রাজপথে নেমেছে, একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের অস্ত্র ব্যবহারের নতুন ষড়যন্ত্র, নতুন চক্রান্ত।
তার এ বক্তব্যের পর যদি জনগণের ওপর অস্ত্র ব্যবহার হয়ে থাকে, দায়ভার সরকারকেই নিতে হবে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এক দলকে ক্ষমতা থেকে নামিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে লড়াই করি না। বরং ক্ষমতার পালাবদলে দেশটা যেন বদলে যায়, সেজন্য লড়াই করছি।
আমরা মন্ত্রিত্বের জন্য লড়ছি না, অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি। ২৭ জুলাই ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যে মহাসমাবেশের ডাক দিয়েছে, তাতে জনসমাগম দেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখ শুকিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন- ২৭ তারিখের মহাসমাবেশ ঘিরে আওয়ামী লীগ নাকি উসকানি দেবে না, বিশৃঙ্খলা করবে না। যদি তা না করে, তাহলে কথিত ‘শান্তি সমাবেশ’ কেন ডাকা হলো? উন্নয়ন-জয়যাত্রার সমাবেশ কেন? আপনাদের (আওয়ামী লীগ) সমাবেশে তো লোক হয় না। বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে এবার ওবায়দুল কাদেরের মুখ শুকিয়ে যাবে।
মাহমুদুর রহমান মান্না বলেন, কিছুদিন আগেও আওয়ামী লীগ নেতাদের মুখে শুনছিলাম- আন্দোলন কীভাবে করতে হয়, তা আওয়ামী লীগের কাছ থেকে নাকি শিখতে হবে। এখন তো আমি উল্টো দেখছি। আন্দোলন কীভাবে করতে হয়, বিএনপির কাছ থেকে তা শিখতে চাইছে আওয়ামী লীগ। বিএনপিকে টেক্কা দিতে আওয়ামী লীগ এখন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সবাইকে নামিয়ে দিচ্ছে। তবু তাদের সমাবেশে লোক হয় না। তারা এখন পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চাইছে।
তিনি বলেন, শুনছি- গতবার নাকি ছিল পুলিশের ভোট। এবার নাকি হবে সচিবের ভোট। এবার সচিবদের দিয়ে পার হতে চাইছেন শেখ হাসিনা। জনগণের ভোট নাতি আর হবে না। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, দেশের ইতিহাসটাই এমন যে, পেশাজীবীরা আন্দোলনে যুক্ত হলে সে আন্দোলন সফল হবেই। তবে এবারের পরিস্থিতি ভিন্ন।
ব্যবসায়ীরা কদিন আগে প্রধানমন্ত্রীক গিয়ে বলেছেন, আমরা আপনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই। অথচ সরকারের তেল কেনার টাকা নেই, গ্যাস কেনার টাকা নেই। কদিন পর বাতি জ্বালানোও যাবে না। অথচ ব্যবসায়ী নেতারা বলছেন- তারা বারবার শেখ হাসিনার সরকার চান। তাদের এ আশা জনগণ আর পূরণ হতে দেবে না। এ সময় ২০১৪ ও ২০১৮ সালে যে দুটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, আমি মনে করি- ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচন অবৈধ ঘোষণা করা উচিত। এ দুটি নির্বাচন যেভাবে হয়েছে, তাতে জনগণ যে ক্ষমতার মালিক সেটাকে আপনারা হাস্যকর করে তুলেছেন। জনগণ সব ক্ষমতার মালিক। এটা সংবিধান বর্ণিত পন্থা। মারধর করে ভোট কেড়ে নেওয়া কী সংবিধান স্বীকৃত পন্থা? বরং এটা অপরাধ। আর্টিকেল সেভেন অনুযায়ী- এটা মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ। আসিফ নজরুল বলেন, অনেকে বলেন, আওয়ামী লীগের বিকল্প কে? বিকল্প কে সেটা ঠিক করবে জনগণ।
প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এ বিকল্প কে, তা নির্ধারণ করার জন্য নির্বাচনের ব্যবস্থা রয়েছে। এখানে শেখ হাসিনারও একটা ভোট, বিরোধী দলের একজন নেতা বা কর্মীরও একটা ভোট। আবার সাধারণ একজন কৃষকেরও এক ভোট। তাই কে ক্ষমতায় থাকবে, তা জনগণ ঠিক করবে। পুলিশ-র্যাব ঠিক করবে না। যদি পুলিশ র্যাব ঠিক করে, তাহলে ওই রাষ্ট্র পুলিশের কাছে দায়বদ্ধ থাকে, জনগণের কাছে নয়। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ২৭ জুলাই ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যে মহাসমাবেশের ডাক দিয়েছে, তাতে মহাজাগরণ হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ২৭ তারিখের মহাসমাবেশ হবে জনতার মুক্তির মহাসমাবেশ। এ মহাসমাবেশে জনতার রাজপথ জনগণই দখল নেবে।
জনগণ এ সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের সূচনা করবে। যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। জোনায়েদ সাকি বলেন, আমরা ২৭ তারিখে মহাসমাবেশ ডেকেছি, ওঁরা (আওয়ামী লীগ) যুবলীগকে দিয়ে সমাবেশ ডাকালেন। কেন ডাকালেন? কারণ, ওঁরা বিরোধীদলগুলোকে ভয়ভীতি দেখাতে চান। হয়তো মহাসমাবেশের দিন বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা না-ও করতে পারেন। কারণ, স্যাংশনসের ভয়ে ওঁরা এখন ভালো সেজেছেন। এখন তাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো।
মানুষকে আতঙ্কে রাখা। কেমন আতঙ্ক? দুই দল ( আওয়ামী লীগ-বিএনপি) সমাবেশ ডেকেছে, ভয়ে যেন মানুষ বাইরে না বের হয়। কিন্তু প্রতিবাদী মানুষ বিজয়ী হয়ে ঘরে ফিরতে চান। এ সরকারের পদত্যাগ চান তারা। তিনি বলেন, আমাদের এক দফা হচ্ছে- বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি।
এ সংবিধানের সংস্কার চাই, যা বিএনপি ঘোষিত রূপরেখায় স্পষ্ট। এ সংস্কার কেন? কারণ, বাংলাদেশকে যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী পথে নিতে না পারে। কিন্তু আওয়ামী লীগ কী চায়? তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। দিনে-রাতে ভোট চুরি করতে চায়। প্রার্থীদের ওপর হামলা করে ভোট লুট করতে চায়, গুলি করে মারতে চায়। সেটি আর হতে দেওয়া হবে না। এ সরকারকে গদি থেকে সরিয়ে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
