আলো ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে ওই বাড়ির মালিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত হানিফ মিয়া পৌরসভার হাসিমপুর এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, সকালে দশ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাইরে বের হতে বলে ঘরে ঢোকেন বাড়ির মালিক হানিফ। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ভাড়াটিয়া তানজিনা জানান, হানিফ মিয়া ঘরে ঢোকার পর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না।
পরে বিষয়টি হানিফ মিয়ার স্ত্রীকে জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে হানিফ মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি জানাতে পারেননি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
