আলো ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
২০২২ সালের ২৮ এপ্রিল ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় এ মামলা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। মামলায় দু’জনের ও তিনটি পেজের নাম উল্লেখ করা হয়।
জানা গেছে, মো. রাকিবুর রহমান ফাহিম নামের একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। তাজউদ্দীন আহমেদ রাসেল নামের একটি ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও তিনি শেয়ার করেন।
এ ছাড়া ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয়।
