আলো ডেস্ক: পারিবারিক সম্পত্তি দখল করে দলীয় অফিস করার অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর ও কাল্পনিক বলে দাবি করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। একইসঙ্গে ৬ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য অভিযোগকারীদের আলটিমেটাম দিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএসপির অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএসপি ও দলের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) কিছু অসাধু ব্যক্তি বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া ও কুরুচিপূর্ণ অভিযোগ করেছেন। তাদের অভিযোগ বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রত্যাখ্যান করছে। মুফতী বাকী বিল্লাহ আল আযহারী বলেন, নির্বাচন কমিশনের আরপিও বিধান অনুযায়ী- নিবন্ধন প্রাপ্তির জন্য রাজনৈতিক দল হিসেবে কমপক্ষে ২২টি জেলায় কমিটি ও কার্যালয় এবং ১০০টি উপজেলা বা মেট্রো থানায় কমিটি ও কার্যালয় এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ২০০ জন ভোটার থাকা শর্ত রয়েছে।
শর্ত অনুযায়ী- বিএসপি ২৫টি জেলা কার্যালয়ের চুক্তিপত্র ও ভাড়ার রশিদ জমা দিয়েছে। ১১০টি উপজেলা বা মেট্রো থানা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্র ও নিয়মিত ভাড়া পরিশোধের রশিদও নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তিনি আরও বলেন, বিএসপির কেন্দ্রীয় কার্যালয়সহ মোট চারটি; যথাক্রমে- ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রামের ফটিকছড়ি ও কুমিল্লার কার্যালয় বিএসপি চেয়ারম্যানের মালিকানাধীন ও দানসূত্রে পাওয়া ভবন, যা চেয়ারম্যানের কাছ থেকে বিএসপি মাসিক ভাড়া চুক্তিতে ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
মুফতী বাকী বিল্লাহ আল আযহারী আরও বলেন, নির্বাচন কমিশনে বিএসসির বিরুদ্ধে জমা দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে যে, বিএসপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় অভিযোগ কারীদের পৈতৃক সম্পত্তিতে অবস্থিত, যা সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলন থেকে আগামী ৬ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে গণমাধ্যমের সামনে মৌখিক ও লিখিত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়। তা না হলে বিএসটি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন মুফতী বাকী বিল্লাহ আল আযহারী।
সংবাদ সম্মেলেন বিএসপির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির বিরুদ্ধে তার ছোটভাই সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারি ও দুই বোন সৈয়দা সায়েমা আহমদ ও সৈয়দা সাহেদা আহমদ লিখিত অভিযোগ করেন।
তারা অভিযোগ করেন, পারিবারিক খানকা শরিফ দখল করে বিএসপির রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছে। সংগঠনটিকে চ‚ড়ান্ত নিবন্ধন না দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পত্তি ফিরিয়ে দিতে তারা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। পরে সাংবাদিকদের সৈয়দ সহিদ উদ্দিন বলেন, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও অন্যসব জায়গায় বিএসপির যে কার্যালয়গুলো দেখানো হয়েছে, সেগুলো সব আমাদের পারিবারিক সম্পত্তি। সেখানে আমাদের পরিবারের সদস্যরা বাস করেন। এগুলো নিয়ে মামলাও চলছে। সম্পত্তি দখল করতেই সেখানে নির্বাচনী কার্যালয় বসানো হয়েছে।
