আলো ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে জহুরুল হক (৫৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল হক ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে।
তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। পেশায় তিনি স্থানীয় বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, জহুরুল হক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতেন। কিন্তু গত শনিবার রাত ১১টার পর্যন্ত তিনি ফিরছিলেন না।
এ সময় পরিবারের লোকজন খবর পান যে, ফুলজোড় (মধ্যপাড়া) সংলগ্ন রমজান আলী ইবতেদায়ি মাদ্রাসা এলাকায় তার লাশ পড়ে আছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, রাত ১২টার দিকে নিহত সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পেট ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।
