আলো ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রস্তুতের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ ফল প্রকাশ হবে, সে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন। গতকাল পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেওয়া পিএসসির দুজন সদস্য জানান, বিশেষ সভায় ৪০তম বিসিএসের নন-ক্যাডারের সুপারিশ এবং ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারা জানান, ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এলজিইডির ১৫৬ পদে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত আদালতে গড়িয়েছে।
এ নিয়ে রিট হয়েছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। সভা শেষে পিএসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আজ (গতকাল ) আমাদের পূর্ণ কমিশন সভা ছিল না। এটি বিশেষ সভা। সভায় আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করেছি।
৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ নিয়ে আদালতে রিট হয়েছে, এ প্রসঙ্গে তিনি বলেন, এটি আইনি বিষয়। আইনি বিষয়গুলো আমরা আইনের মাধ্যমেই সমাধান করবো। জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন প্রার্থী। এর মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার উত্তরপত্রে ২০ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গরমিল হওয়া উত্তরপত্রগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়। প্রার্থীরা এখন চূড়ান্ত ফলের অপেক্ষায়।
