আলো ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্বা ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বুকে ব্যথা উঠলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ জানান, অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে প্রিজন সেলে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, সকালে প্রেশার বেড়ে গেলে তাকে দ্রুত কারা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি সংক্রান্ত বিরোধের জেরে নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের লাশ। ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাত পরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন।
২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, তার ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের আত্মীয় আবদুস সালামকে মৃত্যুদণ্ড দেন।
২০১৩ সালের ২১ এপ্রিল হাইকোর্ট দুই আসামির ফাঁসির দণ্ড বহাল রাখেন এবং অন্য দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
