আলো ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে রুবেল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই যুবক। আজ বৃহস্পতিবার ভোরে ৬টায় উপজেলার লালাখাল সীমান্তের সারী নদীর তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন- উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) এবং মির্জান মিয়া (২২)। জানা যায়, ভোরে সারী নদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি এলাকায় পাথর আনতে যান রুবেল হোসেন, আব্বাস মিয়া ও মির্জান মিয়া।
এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের ওপর ছররা গুলি ছোড়ে। তিনজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে জানতে সিলেটের বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল নামের এক যুবক মারা গেছেন। নিহতের পরিবারের সদস্যরা ভুল তথ্য দিয়ে লাশ বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ লাশ থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দেখা যায় তার শরীরের একাধিক স্থানে খাসিয়াদের ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। অপর আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের খুঁজছে পুলিশ।
