আলো ডেস্ক: নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘোরাফেরা করছিলেন।
এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। রেহেনা রেল লাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে লেগে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
