আলো ডেস্কঃ আগামী মাসে আরও ১০০ সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির উদ্দেশে কাদের বলেন, নির্বাচনে আসুন। নির্বাচনে বাধা দিতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো। তিনি বলেন, তাদের এক দফা ভুয়া। তাদের ৩৬ দল ভুয়া। বিএনপি ভুয়া।
তাদের ঘুম নেই। কীভাবে ঠেকাবে এত উন্নয়ন? ১০০ সেতু, মেট্রোরেল, পদ্মা সেতু হয়ে গেছে। আগামী মাসে আরও ১০০ সেতু উদ্বোধন হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছেন কখন আসবে উজরা জেয়া, কখন আসবেন ইউরোপীয় প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেলেন। বিএনপি যা শুনতে চেয়েছিল, তাদের চোখমুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। আমেরিকাণ্ডইইউ বলে গেছে- তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। বিএনপি নেতারা এখন আর খুশি নেই। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা।
তিনি বলেন, মন খারাপ থাকায় বিএনপি বিভিন্ন জায়গায় হামলা করেছে, গালিগালাজ করেছে। নেতাকর্মীদের কাদের বলেন, আপনারা মাথা গরম করবেন না। ওদের মাথা গরম। কিন্তু আমরা শান্তি চাই। শান্তি যত থাকবে, আমাদের জয় হবে। আমাদের মাথা গরম করলে চলবে না। আমরা ক্ষমতায়, আমাদের শান্ত থাকতে হবে। নিজ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তরুণতুর্কিরা হুট করে মাথা গরম করবেন না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে। বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার।
কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশে আজ দফা একটা, স্লোগান একটা- শেখ হাসিনার বাংলাদেশ। শোভাযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ। সমাবেশ শেষে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে শুরু হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শোভাযাত্রা।
সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন। সমাবেশে আসা ছাত্রলীগের কর্মী নাহিদ বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই সমাবেশ আমাদের। আমরা বলতে চাই, রাজপথে বিএনপিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। সমাবেশে তেজগাঁও এলাকা থেকে আসা যুবলীগকর্মী মো. রাজু বলেন, আজকে আমরা জানান দিতে চাই বিএনপি-জামায়াত জোটকে আটকে দিতে আমরা রাজপথে আছি।
দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। সমাবেশ থেকে জানানো হয়, তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে বনানী পর্যন্ত পদযাত্রা করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে বিএনপিও এদিন পদযাত্রা করেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত মঙ্গলবার রাজধানীসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব নগর ও জেলা ইউনিটে এ শোভাযাত্রা বের করে।
