আলো ডেস্ক: দেশে গত এক দিনে আরও ৯২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৫২৬টি নমুনা পরীক্ষা করে এই ৯২ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ৬৪ শতাংশ; আগের দিন তা ৪ দশমিক ৯৯ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন।
এই সময়ে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৬৪ জনে রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৪২৮ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮১ জনই ঢাকার; এর বাইরে কক্সবাজারে ছয়জন, নাটোরে দুজন এবং ময়মনসিংহ, রাজশাহী ও নাটোর ও সাতক্ষীরায় একজন করে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
