আলো ডেস্ক: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন করেছেন জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিকরা। গতকাল শনিবার সকাল থেকে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অনশনে বসেছেন তারা। এ অনশন চলে বিকাল ৫টা পর্যন্ত। অনশনে থাকা সাংবাদিকরা বলেন, আজ এক মাস হয়ে গেছে।
সহকর্মী নাদিমের হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামি গ্রেপ্তার করা হয়েছে মাত্র। এখনও এজহারভুক্ত বাকি ১২ জনকে গ্রেপ্তার করা হয়নি। নাদিমের হত্যার বিচার করতে হবে। বাকি আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অনশন চলবে। বকশিগঞ্জের প্রবীণ সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাজাহান বলেন, আমাদের সহকর্মী কলমসৈনিক নাদিমকে হত্যা করা হয়েছে।
আমরা আজ তার বিচারের দাবিতে অনশনে রয়েছি। আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমাদের নাদিম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েই নিহত হয়েছেন। এদিকে অনশনকালে সিনিয়র সাংবাদিক জিএম সাফিনুর মেজর অসুস্থ হয়ে পড়েছেন।
অনশনে আরও যারা রয়েছেন- বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, সাংবাদিক জি এম বাবু, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, সিনিয়র সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর, দৈনিক সমকালের বকশিগঞ্জ প্রতিনিধি মাসুদ উল হাসান, ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক লালন, রাশেদুজ্জামান রনি, লায়ন, মতিন, এমদাদুল হক লালন, আল মোজাহিদ বাবুসহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাট হাটি এলাকায় হামলার শিকার হন নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৭ আসামি গ্রেপ্তার হয়েছে। তারা সবাই কারাগারে রয়েছেন।
