আলো ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (৩২) নামে এক ব্যক্তিসহ তার ৬টি মহিষের মৃত্যু হয়েছে। মহিষগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের গরুমারা ব্রিজের উত্তর পাশে রামনগর পশ্চিমপাড়া কোলা পাথার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ বগুড়া সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত ইফাজ উদ্দিন প্রাং এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ তার দুই ভাই লুৎফর ও সুরুজের সঙ্গে যৌথভাবে মহিষ লালন পালন করে জীবিকা নির্বাহ করে। তিন ভাইয়ের ছোট বড় ৬৫টি মহিষ রয়েছে। তিন ভাই ও তাদের সন্তানেরা মহিষের খাবারের জন্য বিভিন্ন সময় খোলা মাঠে নিয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে রামনগর এলাকায় নিয়ে আসলে দুপুর ২টার দিকে রামনগর গ্রামে সেচ লাইনের বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে ৬টি মহিষ বিদ্যুৎপৃষ্ট হয়।
এ সময় মহিষ বাঁচাতে এগিয়ে গেলে মহিষের মালিক সবুজ ঘটনাস্থলেই মারা যায়। সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী জানান, সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
