আলো ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে ফুটওভার ব্রিজের নিচে দুই বাসের চাপায় মনিরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তি মারা গেছেন। এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে বাইক যোগে কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মনিরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে মারা যান তিনি। তিনি আরও বলেন, নিহত মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে বাইকযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে।
এদিকে মিরপুর মডেল থানার এসআই জুলফিকার আলী জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন মনিরুজ্জামান। এই ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের সন্তান। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি আহত: এদিকে রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মতিউর রহমান (৩৫) ও তার স্ত্রী জাকিয়া খাতুন (২৮)। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত জাকিয়া জানান, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে।
তার স্বামী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তবে জাকিয়া এলজিইডিতে একটি নিয়োগ পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে বেলা ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কিছুই মনে নেই তার।
এদিকে যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ী থানার পাশে কোন অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আর আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তবে তাদেরক হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী জানান, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমড়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি তাদের হাসপাতালে নিয়ে আসেন।
