আলো ডেস্ক: কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল বুধবার সারা দেশের ৪০টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাঁচা মরিচ ছাড়াও অন্যান্য নিত্যপণ্যের দামের বিষয়েও তদারকি করা হয়। এ সময় পণ্যের মূল্য কারচুপি, মূল্য তালিকা ও ভাউচার না থাকায় ৯৫ ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।
গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে একযোগে কাঁচা মরিচ ও চিনির মূল্য এবং মজুতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। এরমধ্যে ঢাকায় অভিযান পরিচালনা করে তিনটি টিম। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান কাঁচাবাজার, তেজকুনিপাড়া কাঁচাবাজার, যাত্রাবাড়ী কাঁচাবাজার, দয়াগঞ্জ কাঁচাবাজার, ধলপুর কাঁচাবাজার, ডেমরা কাঁচাবাজার, শনির আখড়া কাঁচাবাজার ও মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।
কাঁচা মরিচের মূল্যের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে একযোগে এ অভিযান পরিচালিত হয়, যা তিনদিন ধরে অব্যাহতভাবে চলছে। এদিকে আমদানি শুরুর খবরে সোমবার কাঁচা মরিচের দাম কেজিপ্রতি নেমেছিল ২০০ টাকার ঘরে। এরপর গত মঙ্গলবার দাম কিছুটা বেড়ে ৩০০-৩৫০ টাকায় ওঠে।
একদিনের ব্যবধানে এবার ৫০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। সবশেষ গতকাল বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজারগুলোতে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০-৫০০ টাকা কেজি দরে।
