আলো ডেস্ক: দেশে আশঙ্কাজনকহারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মশা নিধনে দায়িত্বরতদের আরও কার্যকরী ভ‚মিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মশা নিধনে যারা দায়িত্বরত আছেন, তাদেকে আরও সক্রিয় হতে হবে। আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস আরও বাড়ান। জাহিদ মালেক বলেন, ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে। আমাদের হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। রোগীদের ব্যবস্থাপনাটা আমরা দেখছি, এখন মশাটা যাতে নিধন হয় সেই ব্যবস্থাটা করতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলো ভরে যাচ্ছে। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। রোগীর যেন মৃত্যু কম হয় চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। এ ক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব রয়েছে।
যথাসময়ে হাসপাতালে আসতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অবস্থা গত ১০ বছরে অনেক এগিয়েছে। চিকিৎসক-নার্স দ্বিগুণ হয়েছে। নার্স নিয়োগ বন্ধ ছিল। টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল, মামলার কারণে। সেই মামলা আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করে নিয়োগ কার্যক্রম শুরু করেছি। ৮টি বিভাগ ৮টি হাসপাতাল হচ্ছে, সেগুলোতে নতুন করে ৪ হাজার শয্যা যুক্ত হবে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের উন্নত চিকিৎসায় মানুষের বিদেশগামীতা কমাবে বলে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি হাসপাতালের জন্য যন্ত্রপাতি, বিল্ডিংয়ই বড় কিছু না। এগুলোতে জনগণের কোনো কাজে আসে না। আমাদের মনে রাখতে হবে যে বড় বিষয় হলো রোগীদের সেবা। সাধারণ মানুষ যদি সেবা পায়, তাহলেই বিল্ডিং-যন্ত্রপাতির স্বার্থকতা। জাহিদ মালেক বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হবে।
যদি বাইরে থেকে কোনো সহযোগিতা লাগে, আমরা ব্যবস্থা নেব। আমাদের মূল উদ্দেশ্য হলো দেশে এমন একটি হাসপাতাল হোক, যেটি হবে বিশ্ব মানের, যেটি নিয়ে আমরা গর্ব করতে পারি। আমরা চাই যেসব রোগীরা দেশের বাইরে চিকিৎসার জন্য যায়, তাদের যেন বিদেশে যেতে না লাগে। সুলভ মূল্যে রোগীরা সেবা পাবে, এটাই আমাদের প্রত্যাশা।
হাসপাতাল গুলোতে বিভিন্ন সময় রোগের সেবায় সমস্যা হয়, সেটা আসরা মানি। কিন্তু আমরাতো লাখ লাখ অপারেশন করি, ভালো সেবা দেই। কিন্তু দুয়েকটা ভুলের জন্য সমালোচনায় উঠেপড়ে লাগা ঠিক নয়। জনবল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে আরও জনবল লাগবে, আমরা ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালটি যেন ভালোভাবে চলে, আমরা সেই ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রী খোঁজখবর নেন, যে হাসপাতালটি কেমন চলছে।
