আলো ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী হত্যায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৩৫) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন (৩০)। মামলার পর থেকে মোতালেব পলাতক। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আবদুর রহমান জানান, আসামি মোতালেব হোসেন কামারখন্দের কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। এ সময় স্কুলছাত্রীর সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম তাকে হত্যার পরিকল্পনা করেন। এ পরিকল্পনায় মোতালেবকে যুক্ত করা হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ইসলাম স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হত্যা করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কামারখন্দ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করে আদালত।
