আলো ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে পাটগাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের বজলু মালিথার জমির পাটগাছ সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু খেয়ে ফেলে।
এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুতে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ হামলায় ভেলশ মালিথা (৪৩) ও বজলু মালিথা (৪২) নিহত হন।
এ ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
